ভারতের লক্ষ্ণৌতে একটি হোটেলে নিজের মা এবং চার বোনকে খুন করেছেন এক ব্যক্তি। পরে ভিডিওতে হত্যার দায় স্বীকার করেন ওই যুবক। ভিডিওতে অভিযুক্ত যুবক বলেছেন, তার বোনদের ‘বিক্রি’ করা ঠেকাতে এই হত্যাকাণ্ড করেন তিনি। খবর এনডিটিভি’র।
নিহতরা হলেন যুবকের মা আসমা এবং বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) ও রাহমীন (১৮)।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে অভিযুক্ত ২৪ বছরের এক যুবক আরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাদের মদ ও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা। পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই তিনি তার মা ও চার বোনকে হত্যা করেছেন।
মর্মান্তিক হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে হত্যার স্বীকারোক্তি দিয়ে ওই যুবক বলেছেন, তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কারণ তিনি চাননি যে তার বোনদের বিক্রি করা হোক।
এতে আরশাদ অভিযোগ করে বলেন, উত্তরপ্রদেশের বদাউনের তাদের বাড়ি রয়েছে। সেই বাড়ি দখল করে প্রতিবেশী ও জমি মাফিয়ারা তার বোনদের পাচারের পরিকল্পনা করেছিল।
ভিডিওতে আরশাদ বলেন, তিনি তার মা ও তিন বোনকে হত্যা করেছেন। ভিডিও তে আরশাদ মৃতদেহগুলোও দেখিয়েছেন এবং বলেছেন, তিনি তাদের শ্বাসরোধ করে মেরেছেন। তার বাবা তাকে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটাতে সহায়তা করেছিলেন বলেও স্বীকারোক্তি দেন আরশাদ।
সেন্ট্রাল লক্ষ্ণৌর ডেপুটি পুলিশ কমিশনার রাভিনা তিয়াগি জানিয়েছেন, রাজ্যের নাকা এলাকায় অবস্থিত হোটেল শরনজিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই আরশাদকে গ্রেপ্তার করা হয়। তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানানো হয়। এই ঘটনার তদন্ত চলছে।

