টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অস্ত্রধারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি)।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানান।

জব্দ অস্ত্রগুলো হলো- ২টি জি৩ রাইফেল, ১টি এমএ ওয়ান (ভেরিয়েন্ট এমকে২),  ১টি এলএম ১৬ রাইফেল। এ ছাড়া, ৮টি ম্যাগাজিন, ১৯৯ রাউন্ড জি৩, ১২০ রাউন্ড এমএ ওয়ান এবং ১৮৮ রাউন্ড এলএম ১৬ রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে। 

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দুই- তিন রাউন্ড ফায়ার করে মায়ানমারের অভ্যন্তরে নৌকা যোগে পালিয়ে যায়। 

পরে ওই এলাকা গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

AHA
আরও পড়ুন