রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদমাধ্যম ‘তাস নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিমানটি কৃষ্ণ সাগরের তীরবর্তী ক্রিমিয়ার একটি দুর্গম পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ে। মস্কোর সময় অনুযায়ী রাত ৮টার দিকে ‘এএন-২৬’ (AN-26) মডেলের এই সামরিক বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি একটি পূর্বনির্ধারিত ফ্লাইটে অংশ নিয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী-সব মিলিয়ে ২৯ জনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিমানটিতে থাকা কারো বেঁচে ফেরার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
রুশ সংবাদ সংস্থা ‘আরআইএ’ (RIA) প্রাথমিক তদন্তের বরাতে জানিয়েছে, মূলত যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সোভিয়েত আমলের এই এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। মূলত ভারী মালামাল ও সৈন্য পরিবহনের জন্য এটি পরিচিত হলেও এর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে।
এর আগে ২০২০ সালে ইউক্রেনে এই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন এবং ২০১৭ সালে আইভরি কোস্টে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। এছাড়া দক্ষিণ সুদানেও একটি রুশ এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের প্রাণহানির রেকর্ড রয়েছে। বারবার একই মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়ায় এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন সামরিক বিশেষজ্ঞরা। সূত্র: এএফপি ও তাস নিউজ।
আমেরিকা ও ইসরায়েল সীমা অতিক্রম করেছে: রাশিয়া
কিউবার সংকটময় মুহূর্তে পাশে থাকবে রাশিয়া
