জাহানারার পাশে তামিম-মাশরাফি, ন্যায়বিচারের দাবিতে এক কণ্ঠ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেটে এক চাঞ্চল্যকর অভিযোগে নড়েচড়ে উঠেছে গোটা ক্রীড়াঙ্গন। জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম প্রকাশ্যে অভিযোগ তুলেছেন সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি একাধিক ঘটনার বর্ণনা দিয়েছেন, যা শুনে নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট অঙ্গনকে।

বিসিবি এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে ঘটনার গভীরতা এবং নারী ক্রিকেটারের সাহসী অভিযোগ ঘিরে শুধু বোর্ড নয়, মুখ খুলেছেন দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তামিম ইকবাল লেখেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো নারী বা ক্রীড়াবিদ-কারো প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

তিনি মনে করেন, কেবল বিসিবির তদন্তেই সীমাবদ্ধ না থেকে সরকারের তত্ত্বাবধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা জরুরি, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।’

তামিম বিসিবির আগের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন। জাহানারা আগেও ড্রেসিংরুমের পরিবেশ ও নারী দলের অভ্যন্তরীণ বিষয়ে অভিযোগ করেছিলেন, যা বিসিবি উড়িয়ে দিয়েছিল। এ বিষয়ে তামিম বলেন, ‘একজন ক্রিকেটার যখন এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই কাম্য নয়।’

তিনি নারী ক্রিকেটারদেরও অনুরোধ জানিয়েছেন, যেন কেউ ভয় না পেয়ে মুখ খোলেন। ‘যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, তারা সাহস করে সামনে আসুন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা জরুরি,’ লিখেছেন তামিম। তার মতে, ন্যায়বিচার না হলে ভবিষ্যতে মেয়েরা খেলাধুলায় আসতে ভয় পাবে, যা দেশের জন্য ভয়াবহ বার্তা।

একই বিষয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে-এটাই প্রত্যাশা।’

তিনি আরও যোগ করেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো যেন না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

আরও পড়ুন