ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘খুব শীঘ্রই’ শেষ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী ইরান ত্যাগ করতে পারে। খবর- দ্য গার্ডিয়ান ও বিবিসি
ট্রাম্প দাবি করেছেন, গত মাসের শেষদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা বিমান হামলার লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা খর্ব করার যে প্রাথমিক লক্ষ্য ছিল, তা পূরণ হয়েছে।
তিনি বলেন, "আমরা এখন আমাদের কাজ শেষ করছি। আমার মনে হয় ২ সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যে আমরা পুরোপুরি বেরিয়ে আসব।"
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বর্তমানে ইরানের আকাশপথ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হওয়ার ফলে তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে। নতুন নেতাদের তিনি পূর্বসূরিদের তুলনায় ‘কম উগ্র’ এবং ‘বেশি যুক্তিবাদী’ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানি নেতারা যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ‘মিনতি’ করছেন, যদিও ইরান পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম কমানোর উপায় হিসেবে ট্রাম্প বলেন, "আমাকে শুধু ইরান ত্যাগ করতে হবে—আর আমরা খুব শীঘ্রই তা করছি। আমরা বেরিয়ে গেলেই তেলের দাম হু হু করে কমতে শুরু করবে।"
তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ট্রাম্পের অবস্থান ছিল অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সমুদ্রপথ খোলা রাখার দায়িত্ব এখন থেকে সেই দেশগুলোর যারা এটি ব্যবহার করে। ট্রাম্প বলেন, "এটি আমাদের দায়িত্ব নয়... যারা এই প্রণালী ব্যবহার করবে, তাদেরই এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের সমাপ্তি চায় ইরান: আরাগচি
