হংকং সিক্সেসে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত থেমে যেতে হলো আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশকে। শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি, কিন্তু শেষ আটে এসে অস্ট্রেলিয়ার সামনে টিকতে পারেনি। আজ মংককের মিশন রোড মাঠে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আকবর আলী। কিন্তু সেই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ভয়ংকর ভুল মনে হয়েছে পরক্ষণেই। শুরু থেকেই ছক্কার বন্যা বইয়ে দেন তারা। ৬ ওভারের সংক্ষিপ্ত ইনিংসে গুনে গুনে ২১টি ছক্কা আসে অস্ট্রেলিয়ার ব্যাট থেকে। রেকর্ড গড়া সেই ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে তারা, টুর্নামেন্টে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
অধিনায়ক অ্যালেক্স রস ও বেন ম্যাকডারমট দুজনই করেছেন অর্ধশতক। রস ১১ বলে ৫০ রান করেছেন ১ চার ও ৭ ছক্কায়, আর ম্যাকডারমট ১৪ বলে ৫১ রান করেছেন ৮ ছক্কা হাঁকিয়ে। তাদের সঙ্গে উইলিয়াম বসিস্টো ৬ বলে ৩০ রানে ঝড় তুলেছিলেন। বাংলাদেশের পক্ষে কেবল মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসান একটি করে উইকেট তুলতে পেরেছেন।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় নামতেই বাংলাদেশের ইনিংস শুরু হয় ব্যাটিং ধস দিয়ে। প্রথম ওভারেই ৩ উইকেট হারায় দল, এর মধ্যে অধিনায়ক আকবর আলী আউট হন শূন্য রানে। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকেও আসে মাত্র ৬ রান।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আবু হায়দার রনি ও রাকিবুল হাসান। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে ৬০ রান। রনির ব্যাট থেকে ঝরে ১৮ বলে ৫০ রানের ইনিংস, যাতে ছিল ৭ ছক্কা ও ২ চার। রাকিবুল ১০ বলে ২৫ রান করেন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস গ্রিন নেন ৩ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন অধিনায়ক অ্যালেক্স রস।
এ হারের ফলে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় বাংলাদেশের মূল পর্বের লড়াই। আগামীকাল রোববার তারা নামবে প্লেট সেমিফাইনালে, তবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
ভারতের জন্যও দিনটা সুখকর ছিল না। দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বেই ছিটকে গেছে, কুয়েতের কাছে ২৭ রানে এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে।

