জাতীয় লিগে খুলনা-বরিশালের দাপট, ড্র হলো বাকি দুই ম্যাচ

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। অন্যদিকে জয়-পরাজয় ছাড়াই ড্রয়ে শেষ হয়েছে রংপুর-সিলেট এবং ঢাকা-ময়মনসিংহের লড়াই। মেহেদী হাসান ও সৌম্য সরকারের নৈপুণ্যে জয় পেয়েছে খুলনা, আর বরিশালের সাফল্যের পেছনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তানভীর ইসলাম।

চট্টগ্রামের মাঠে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে খুলনা ২৩৭ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জয় পায়। তৃতীয় দিন বিনা উইকেটে ৫২ রান নিয়ে শুরু করা দলটি চতুর্থ দিনে বিপাকে পড়ে, ১৪৯ রানে হারায় ৬ উইকেট। তখনই দলকে টেনে তোলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর ৪৯ বলের অপরাজিত ৫০ রানে জয়ের বন্দরে পৌঁছে খুলনা। তাঁর সঙ্গী নাহিদুল ইসলাম অষ্টম উইকেটে অবদান রাখেন ৫৭ রানের জুটিতে। চট্টগ্রামের হয়ে নাঈম হাসান নেন ৫ উইকেট।

তবু ম্যাচসেরার পুরস্কার গেছে সৌম্য সরকারের হাতে। তিনি প্রথম ইনিংসে করেন ৯২, দ্বিতীয় ইনিংসে ৭১, সঙ্গে নিয়েছেন একটি উইকেটও। এই জয়ের ফলে তিন ম্যাচে দুটি জয় নিয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীকে ৫৪ রানে হারিয়েছে বরিশাল। নতুন অধিনায়ক তানভীর ইসলাম দেখিয়েছেন বল হাতে নেতৃত্বের দৃষ্টান্ত। বাঁহাতি স্পিনারটি দুই ইনিংসে মোট ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। রাজশাহী ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ দিন অলআউট হয় ১৯১ রানে। তানভীরের শেষ উইকেটেই শেষ হয় ম্যাচ। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৪টি। বরিশালের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন ৪ উইকেট। রাজশাহীর পক্ষে সাব্বির হোসেন ও রহিম আহমেদ ৩৩ করে রান করেন।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-সিলেট ম্যাচে জয়-পরাজয় হয়নি। সিলেটের তরুণ ওপেনার মুবিন আহমেদ খেলেছেন দুর্দান্ত ১৪১ রানের ইনিংস, যা তার প্রথম শ্রেণির প্রথম সেঞ্চুরি। চতুর্থ দিন ইনিংস ঘোষণা করে সিলেট ৯ উইকেটে ২৯৪ রানে। রংপুরের সামনে ছিল ২৪৯ রানের লক্ষ্য, কিন্তু তারা জয়ের চেষ্টা না করে ৪১ ওভারে ৪ উইকেটে ১১২ রান তুলেই ড্র মেনে নেয়। মুবিন হয়েছেন ম্যাচসেরা।

এদিকে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৮ রানে। জয়রাজ শেখ ৭৭, মার্শাল আইয়ুব ৭২ ও আনিসুল ইসলাম অপরাজিত ৭৯ রান করেন। ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম (৫১*) ও মোহাম্মদ নাঈম (৪৪*) ১৭ ওভারে ৯৭ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

তৃতীয় রাউন্ড শেষে খুলনা ও বরিশাল জয়ে শীর্ষ দুই অবস্থানে। সিলেট, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ ড্রয়ে ভাগাভাগি করেছে পয়েন্ট, আর রাজশাহী ও চট্টগ্রাম এখনো জয়হীন।

আরও পড়ুন