কলম্বোয় পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার লড়াই দিয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ‘এ’ গ্রুপের এই উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হয়। টস জেতার পর পাকিস্তান অধিনায়ক জানান, উইকেটে ঘাস এবং আর্দ্রতা থাকায় শুরুতেই বোলারদের সুবিধা কাজে লাগাতে চান তারা।
সালমান বলেন, ‘উইকেটটি একেবারেই নতুন এবং বৃষ্টির সম্ভাবনাও আছে। আমাদের তিনজন পেসার ও কার্যকরী অলরাউন্ডার রয়েছে। লক্ষ্য থাকবে পরিকল্পনা অনুযায়ী বোলিং করে নেদারল্যান্ডসকে অল্প রানে আটকে রাখা।’
অন্যদিকে, টসে হারলেও ব্যাটিং নিয়ে ইতিবাচক নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বলেন, ‘আমরা গত দেড় মাস ভারত ও শ্রীলঙ্কায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করেছি। উইকেটে ঘাস থাকলেও এটি ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা বড় শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামছি।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দেশ দুইবার মুখোমুখি হয়েছে, যার প্রতিটিতেই জয় পেয়েছে পাকিস্তান। পরিসংখ্যান ও শক্তিমত্তায় পাকিস্তান এগিয়ে থাকলেও ডাচরা লড়াই করতে প্রস্তুত।
দুই দলের একাদশ
পাকিস্তান একাদশ: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন।
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পিসিবিকে শ্রীলঙ্কার চিঠি
নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে পাকিস্তান
