শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি বাধা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণসংক্রান্ত কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে তাঁকে ফেরানোর প্রক্রিয়ায় আইনি বাধা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।

ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হলেও বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ধরন সাধারণ হত্যাকাণ্ডের মতো নয়; তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এ দুই ধরনের অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি প্রশ্ন উঠলে তা আদালতে নিষ্পত্তির সুযোগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার বিষয়টি তাঁর কাছে প্রাসঙ্গিক মনে হয় না। তাঁর ভাষ্য, শেখ হাসিনা নিজে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণের জন্য আদালতকেন্দ্রিক জটিল প্রক্রিয়ার প্রয়োজন হওয়ার কথা নয়।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকারের ক্ষেত্রে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। সরকারের অবস্থান হলো, দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা। এ ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে অবস্থান করলে চুক্তি অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যর্পণের ক্ষেত্রে শুধু ফলাফল নয়, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াও সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য। এ জন্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যর্পণের অধিকার প্রয়োগের পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করেননি।

কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকার কোনো তথ্য জানে না। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।

শেখ হাসিনা ও তাঁর দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, তাঁরা চেষ্টা করতে পারেন, তবে সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল উদ্দেশ্য বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

এমইউ
আরও পড়ুন