ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ধরণের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের নিরুৎসাহিত করতে একটি মহল বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে ইসি স্পষ্ট করে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কোনো প্রকার ভীতি বা সংশয় না রেখে নাগরিক অধিকার প্রয়োগ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন আরও জানায়, ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
জাল ভোট দিলে হতে পারে যেসব শাস্তি
