প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করে এক ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্তের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ৬-৩ ভোটের ব্যবধানে এই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়টি লেখেন।
রায়ে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সেই পর্যবেক্ষণকে সমর্থন করেছে, যেখানে বলা হয়েছিল—১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ (IEEPA) প্রয়োগের মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। বিচারপতিরা রায়ে স্পষ্ট করে বলেন, আইইইপিএ (IEEPA) আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্ট ঢালাওভাবে শুল্ক আরোপ করতে পারেন না।
প্রধান বিচারপতি জন রবার্টস লিখেছেন, ‘আইইইপিএ আইনের অধীনে প্রেসিডেন্টকে কেবল আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু শুল্ক আরোপের মতো সুনির্দিষ্ট ক্ষমতা এতে অন্তর্ভুক্ত নয়।’
আদালত আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ ‘মেজর কোশ্চেনস’ (Major Questions Doctrine) মতবাদ লঙ্ঘন করে। এই মতবাদ অনুযায়ী, বড় ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব আছে এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন থাকতে হবে।
উল্লেখ্য, গত বছর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে ‘জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করে চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন। এর আগে মাদক পাচার প্রতিরোধের অজুহাতেও তিনি এই আইন ব্যবহার করেছিলেন।
হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ রায় নিয়ে কোনো মন্তব্য না করলেও ডেমোক্র্যাট নেতারা এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি তেহরানের
