যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির আইনসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্লোরিডার রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ করার প্রস্তাবটি পাস করে। ট্রাম্পের এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ফ্লোরিডার বর্তমান গভর্নর রন ডিস্যান্টিস এই বিলে সই করবেন বলে আশা করা হচ্ছে। বালুকাময় সমুদ্রসৈকত ও বিলাসবহুল প্রাসাদের জন্য পরিচিত পাম বিচ শহরের এই বিমানবন্দরটি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত।
রিয়েল এস্টেট মোগল হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন ভবনে নিজের নাম ফুটিয়ে তুলেছেন। বর্তমানে তিনি দেশজুড়ে নজিরবিহীন প্রচার ও নির্মাণ অভিযানের মাধ্যমে নিজের ছাপ রেখে যাওয়ার চেষ্টা করছেন। তবে বিমানবন্দরটির নাম পরিবর্তনের জন্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের প্রয়োজন হবে।
ডোনাল্ড ট্রাম্পের নামে কোনও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘটনা এটিই প্রথম নয়। গত ডিসেম্বরে ওয়াশিংটনের কেনেডি সেন্টারের (প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মারক কমপ্লেক্স) বোর্ড এই কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার পক্ষে ভোট দেয়।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এর আগে নিউ ইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও নিজের নামে করার চেষ্টা করেছিলেন, যদিও সেই প্রচেষ্টাগুলো সফল হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের একটি স্মারক মুদ্রার খসড়া তৈরি করা হয়েছে। যদিও আইন অনুযায়ী, বর্তমান বা জীবিত কোনও প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ভারতের: জয়সওয়াল
