সৌদিতে রমজানে স্কুল খোলা থাকছে কতদিন?

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

পবিত্র রমজান মাসে সৌদি আরবে স্কুল খোলা থাকবে ১১ দিন। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মাসের শুরুর দিকে এসব দিনে ক্লাস চলবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত ২০২৬ সালের রমজানের সূচি থেকে এ তথ্য জানা গেছে।

রমজানে স্বাভাবিক সময়ের তুলনায় স্কুলের সময় কমানো হয়েছে। শিক্ষা খাতের সব কর্মীর দৈনিক কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে পাঁচ ঘণ্টা।

সাধারণত শীতকালে সকাল পৌনে সাতটা এবং গ্রীষ্মকালে সকাল সোয়া সাতটায় স্কুল শুরু হয়। তবে রমজানের ১১ দিন স্কুল শুরু হবে সকাল ৯টা থেকে। এই সূচি চলবে ৫ মার্চ পর্যন্ত। এরপর রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে। ছুটির পর গ্রীষ্মকালীন সময়সূচি অনুযায়ী আবার পাঠদান শুরু হবে।

দেশটির বিভিন্ন অঞ্চলেও আলাদা করে সময়সূচি ঘোষণা করা হয়েছে। কাসিম অঞ্চলে সরকারি স্কুলে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। মাধ্যমিকে সাড়ে ৯টায়। শিক্ষক ও কর্মীদের প্রথম ক্লাসের ১৫ মিনিট আগে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মক্কা অঞ্চলে সকাল বেলার স্কুল শুরু হবে সকাল ৯টায়। রমজানে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

রিয়াদ অঞ্চলেও ক্লাস শুরু হবে সকাল ৯টায়। আল-বাহা অঞ্চলে প্রতিটি ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে ৩৫ মিনিট।

শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রোজা ও শিক্ষার মধ্যে ভারসাম্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলগুলোকে নির্ধারিত সময়সূচি মেনে পাঠদান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: সৌদি গেজেট

AHA
আরও পড়ুন