ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় করে যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

বুধবার (২৯ জুলাই) ভোরে পরিচালিত এই সামরিক অভিযানকে সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সামরিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলা চালায় ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো। তবে সৌদি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ওই হামলাগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়। তারই জবাবে মধ্যপ্রাচ্যে সেন্টকমের সঙ্গে সমন্বয় করে এই পাল্টা হামলা চালানো হলো।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব সংঘাতে উত্তেজনা তৈরি করতে চায় না, তবে যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ড্রোন আক্রমণের সার্বিক পরিস্থিতি তদন্তে ইরাকের নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়ার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির। গত সোমবারই ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছিল যে, কোনো প্রতিবেশী বা বন্ধুভাবাপন্ন দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে না দিতে বাগদাদ দৃঢ় প্রতিজ্ঞ।

অন্যদিকে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' সৌদি পেট্রোলিয়াম স্থাপনায় হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিষয়টিকে সৌদি আরবের মনগড়া গল্প আখ্যা দিয়ে জোটটি সতর্ক করে বলেছে, সৌদি আরবের যেকোনো অদূরদর্শী পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন