আখের অভাবে ১৩ দিন আগেই বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শিল্পপ্রতিষ্ঠান নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল আখের অভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পেরে নির্ধারিত সময়ের ১৩ কর্মদিবস আগেই মাড়াই কার্যক্রম বন্ধ করে দিয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

মিল সূত্রে জানা যায়, গত বছরের ১০ নভেম্বর চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুম শুরু হয়েছিল। শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যেখানে চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬.৫ শতাংশ। কিন্তু গত সোমবার পর্যন্ত ১০৮ কর্মদিবসে ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে মাত্র ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হারও কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে আখ চাষ হয়েছিল, যা লক্ষ্যমাত্রা পূরণের জন্য যথেষ্ট ছিল। তবে স্থানীয় দালালচক্রের মাধ্যমে কয়েক হাজার মেট্রিক টন আখ পার্শ্ববর্তী নাটোর ও রাজশাহী সুগার মিলে পাচার হয়ে যাওয়ায় নর্থ বেঙ্গল সুগার মিল কাঁচামাল সংকটে পড়ে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানায়, এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৫ টাকা বাড়িয়ে ৬০০ টাকা থেকে ৬২৫ টাকা করা হয়েছে। ১৫ হাজার আখ চাষীর বিল সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে চাষীদের মাঝে ১৫ কোটি টাকা ঋণ ও উপকরণ হিসেবে বিতরণ করা হয়েছে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত