ইরানের ওপর মার্কিন হামলায় ‘সহযোগিতা’ করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (UAE) কাছে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘নূর নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রদূত ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেছেন যে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। তিনি একে একটি "আন্তর্জাতিকভাবে ভুল কাজ" হিসেবে অভিহিত করেছেন এবং এর জন্য আমিরাত সরকারকে পূর্ণ দায়ভার নিতে হবে বলে দাবি জানিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, ইরানের ওপর হামলার ফলে যে সকল বস্তুগত (Material) এবং নৈতিক (Moral) ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমিরাতকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। ইরান মনে করে, এই হামলার নেপথ্যে আমিরাতের সরাসরি বা পরোক্ষ সমর্থন রয়েছে।
২০ মার্চে পদার্পণ করা ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের শুরু থেকেই পারস্য উপসাগরীয় দেশগুলোতে উত্তেজনা বিরাজ করছে। ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবারও আমিরাতের হাবশান (Habshan) গ্যাস ফিল্ডে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই পর্যায়ে সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি ইরান এখন কূটনৈতিক ও আইনি লড়াইয়ের মাধ্যমেও আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে।
জ্বালানি অবকাঠামোতে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে
