দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে সোনার দাম। এবার সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ১০ হাজার টাকার বেশি কমলো।
উল্লেখ্য, চলতি ২০২৬ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।
কমলো সোনার দাম, ভরি কত
