উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

আজ রোববার ভোররাত থেকে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেবানন থেকে হিজবুল্লাহর ছোঁড়া একের পর এক রকেট ও ড্রোন হামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একাধিক বিবৃতিতে এসব হামলার বিস্তারিত লক্ষ্যবস্তু নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টায় হিজবুল্লাহ যোদ্ধারা মেতুলা শহরে একটি রকেট স্যালভো (একযোগে অনেকগুলো রকেট) নিক্ষেপ করে। এরপর সকাল ৬টা ২০ মিনিটে শ্তুল গ্রামে দ্বিতীয় দফায় রকেট হামলা চালানো হয়। গোষ্ঠীটি আরও জানিয়েছে যে, তারা অধিকৃত গোলান মালভূমির রাউইয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া সকাল ৬টা ২৫ মিনিটে ঘাজার গ্রামের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে রকেট বর্ষণ করা হয়।

ইসরায়েলের উত্তর সীমান্ত দিয়ে হিজবুল্লাহর এই ক্রমবর্ধমান হামলাকে লেবাননে চলমান ইসরায়েলি স্থল অভিযানের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গোলান মালভূমির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনাটি এই সংঘাতকে আরও উচ্চমাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন