গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

মস্কোতে ব্রিটিশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। সোমবার (৩০ মার্চ) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি (FSB)-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ (RIA) জানিয়েছে, বহিষ্কৃত ওই কূটনীতিকের নাম আলবার্টাস গেরহার্ডাস জানসে ভ্যান রেনসবার্গ। তিনি মস্কোতে ব্রিটিশ দূতাবাসের সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

রাশিয়ার নিরাপত্তা সংস্থার দাবি, রেনসবার্গ ‘রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ রাষ্ট্রবিরোধী গোয়েন্দা কর্মকাণ্ডে’ সরাসরি জড়িত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এফএসবি-র তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ইতোমধ্যে ওই ব্রিটিশ কূটনীতিকের কূটনৈতিক স্বীকৃতি (Accreditation) বাতিল করা হয়েছে। তাঁকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার ভূখণ্ড ত্যাগ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এএফপি, আরআইএ

FJ
আরও পড়ুন