পাকিস্তানে গণপরিবহন ফ্রি

২ হাজার রুপি পাচ্ছেন বাইক মালিকরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধির পর পাকিস্তানে সাধারণ মানুষের চাপ কমাতে মাঠে নেমেছে প্রাদেশিক সরকারগুলো। দক্ষিণাঞ্চলীয় সিন্ধে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নগদ ভর্তুকি এবং পাঞ্জাবে গণপরিবহন ফ্রি করার ঘোষণা এই দুই পদক্ষেপকে তাৎক্ষণিক স্বস্তি হিসেবে দেখছেন দেশটির জনগণ।

সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানোর পরই সিন্ধ ও পাঞ্জাব সরকার এসব উদ্যোগ নেয়। বৈশ্বিক তেলের দামের চাপ মোকাবিলায় এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ২ হাজার রুপি করে জ্বালানি ভর্তুকি দেয়া হবে। তিনি স্বীকার করেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সরকারের জন্য একটি ‘কঠিন সিদ্ধান্ত’ ছিল, তবে এর প্রভাব কমাতে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রদেশ সরকার।

অন্যদিকে পাঞ্জাবে আরও বড় পরিসরের স্বস্তি ঘোষণা এসেছে। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, প্রদেশজুড়ে শহরের ভেতরের গণপরিবহন সম্পূর্ণ ফ্রি করা হচ্ছে। অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস ও গ্রিন ইলেকট্রিক বাস, সবখানেই যাত্রীরা বিনা ভাড়ায় চলাচল করতে পারবেন।

মরিয়ম নওয়াজ বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে এটি পাঞ্জাববাসীর জন্য একটি বড় স্বস্তির প্যাকেজ এবং এটি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাশ্রয় কর্মসূচির অংশ। পাশাপাশি কৃষকদের জন্যও সহায়তা ঘোষণা করা হয়েছে। প্রতি একর জমিতে ডিজেলের জন্য ১০০ রুপি ভর্তুকি এবং নিবন্ধিত মোটরসাইকেল মালিকদের জন্য ২০ লিটার জ্বালানিতে প্রতি লিটারে ১০০ রুপি করে ভর্তুকি দেয়া হবে।

তিনি নাগরিকদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান এবং বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর, বিশেষ করে পাকিস্তানের মতো দেশে। সূত্র: ডন

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত