যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রায় ৪০ দিনের যুদ্ধে রাশিয়ার কোনো সরাসরি সামরিক বা গোয়েন্দা সহায়তা নেওয়ার খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, তেহরান তার নিজস্ব শক্তিতেই আগ্রাসন মোকাবিলা করছে এবং পশ্চিমাদের ছড়ানো এসব খবর ভিত্তিহীন।
সম্প্রতি রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ভেদোমোস্তি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘মস্কোর সঙ্গে তেহরানের যেসব সামরিক বা কৌশলগত চুক্তি রয়েছে, সেগুলো বর্তমান যুদ্ধ শুরুর অনেক আগে সই করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে ওই চুক্তিগুলোর কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও জানান, যুদ্ধের কারণে রাশত-আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের কাজ সাময়িক ধীরগতিতে চললেও কোনোটিই বাতিল করা হয়নি। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জালালি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেননি, আলোচনার টেবিলেও তা অর্জন করতে পারবেন না। তারা ভেবেছিল কয়েক দিনের মধ্যে ইরান দখল করে শাসনব্যবস্থা বদলে দেবে, কিন্তু বাস্তবে তারা একটি লক্ষ্যও পূরণ করতে পারেনি।’
ইরানি রাষ্ট্রদূত দাবি করেন, যুদ্ধ চলাকালে ওয়াশিংটন তাদের দাবিতে কয়েক দফা পরিবর্তন এনেছে। তিনি বলেন, ‘প্রথমে তারা ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তন চেয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর এখন তারা কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। কিন্তু তাদের কোনো নৌ-অবরোধই কাজ করবে না, কারণ আমাদের সংকল্প লোহার মতো কঠিন।’
পরিশেষে কাজেম জালালি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসন ইরানকে দুর্বল করার পরিবর্তে জাতীয়ভাবে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে।সূত্র: আল-জাজিরার।
যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর 