হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান: জেনারেল আকরামিনিয়া

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানাল ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র  মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধ থেমে থাকলেও সামরিক প্রস্তুতি এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি; বরং লক্ষ্যবস্তুর তথ্যভান্ডার আরও হালনাগাদ ও সমৃদ্ধ করা হয়েছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করেন, বর্তমান পরিস্থিতিকে ইরান কোনোভাবেই ‘শেষ যুদ্ধ’ হিসেবে দেখছে না। বরং প্রতিটি যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে বাহিনী নিজেদের সক্ষমতা আরও শানিয়ে নিচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর যতবারই লড়াই থেমেছে, ততবারই সেনাবাহিনী শত্রুপক্ষের ওপর অনাস্থা রেখে লক্ষ্য নির্ধারণ, তালিকা পূর্ণতা দেওয়া, প্রশিক্ষণ জোরদার এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা বিশ্লেষণের কাজ চালিয়ে গেছে।

একই সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদন ও মানোন্নয়নেও জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দাবি, ইরানের জন্য পরিস্থিতি এখনো কার্যত যুদ্ধকালীন, যেখানে প্রস্তুতি, নজরদারি ও শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মুখপাত্র সতর্ক করে বলেন, যদি আবারও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো আগ্রাসন চালায়, তবে তাদের নতুন কৌশল, আধুনিক সরঞ্জাম এবং ভিন্ন যুদ্ধক্ষেত্রে মোকাবিলা করতে হবে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন