এবার ‘বাব এল-মান্দেব’ বন্ধের হুমকি ইরানের

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন তাসের চাল চাললো ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পর এবার ইয়েমেনের ‘বাব এল-মান্দেব’ প্রণালি যেকোনো সময় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর ফলে বিশ্ববাণিজ্যের প্রধান নৌপথগুলো দীর্ঘমেয়াদী অবরোধের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কড়া বার্তা দেন। 

তিনি বলেন, ‘আমাদের সামরিক অবস্থান এখনো অত্যন্ত শক্তিশালী এবং আমরা আমাদের সব ‘নতুন তাস’ এখনো খেলিনি। বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়। ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি মোক্ষম আঘাত দেওয়ার জন্য চূড়ান্ত অপেক্ষায় রয়েছে।’

বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র (IRGC) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘তাসনিম’ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালি নিয়ে যেকোনো ধরণের বিশ্বাসযোগ্য এবং পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার মতো ইচ্ছা ও সক্ষমতা- দুটিই ইরানের রয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই তেহরান এখন লোহিত সাগরের এই প্রবেশপথকে লক্ষ্যবস্তু করছে।

লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত এই প্রণালিটি বৈশ্বিক বাণিজ্যের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত।

সুয়েজ খালের প্রবেশপথ: ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে আসা জাহাজগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে হলে এই প্রণালি দিয়েই যেতে হয়।

আন্তর্জাতিক বাণিজ্য: ১১৫ কিলোমিটার দীর্ঘ এই সরু পথ দিয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়।

বাব এল-মান্দেব বন্ধ হয়ে গেলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার নৌ-যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, যার ফলে তেলের দাম ও নিত্যপণ্যের সরবরাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সূত্র: বিবিসি ও তাসনিম নিউজ।

FJ
আরও পড়ুন