লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের বাতুলিয়েহ শহরের একটি প্রধান পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাতুলিয়েহ শহরের যে কজন বাসিন্দা এখনও সেখানে অবস্থান করছেন, তাঁরা দৈনন্দিন পানির প্রয়োজনে ওই সরবরাহ কেন্দ্রটির ওপর সরাসরি নির্ভরশীল ছিলেন। ইসরায়েলি হামলায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় তীব্র পানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-বায়াদ শহরের একটি পর্যটন কেন্দ্রও ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত বৃহস্পতিবার উভয় পক্ষ একমত হওয়ায় এর মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়। তবে এই চুক্তির একটি শর্ত অনুযায়ী, ইসরায়েল দাবি করেছে যে তারা পরিকল্পিত বা চলমান যেকোনো আক্রমণের বিরুদ্ধে ‘আত্মরক্ষার্থে’ ব্যবস্থা গ্রহণের অধিকার বজায় রাখবে।

যুদ্ধবিরতি চলাকালীন সময়েও মাঠপর্যায়ে পরিস্থিতির উন্নতি হয়নি। শুরু থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর একাধিকবার হামলার অভিযোগ এনেছে এবং উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে।

YA
আরও পড়ুন