ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরে মার্কিন গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাস্তবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম সেটি ভিন্নভাবে উপস্থাপন করছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সরাসরি নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি সিএনএনকে 'নির্বোধ' এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে 'রাষ্ট্রদ্রোহিতামূলক' বলে উল্লেখ করেন।
ট্রাম্পের অভিযোগ, এই দুই গণমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান যুদ্ধক্ষেত্রে এগিয়ে রয়েছে। তার ভাষায়, 'প্রতিদিন আমি পড়ি তারা কত ভালো করছে। অথচ বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই… তারা শেষ।' তিনি আরও বলেন, এসব প্রতিবেদন তিনি নজরে রাখেন, কারণ 'শত্রুর ওপর কিছুটা নজর রাখা দরকার।'
বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস-এর মতামতধর্মী লেখাগুলো নিয়ে ট্রাম্প তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, এসব লেখা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এবং উচ্চপর্যায়ের সমর্থন ছাড়া এমন অবস্থান সম্ভব নয়। 'তারা যা করছে, আমার মতে তা রাষ্ট্রদ্রোহিতা… এটা খুবই ভয়ংকর বিষয়',বলেন তিনি।
অন্যদিকে, সংশ্লিষ্ট সম্পাদকীয়তে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তি কিছু ক্ষেত্রে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তাদের বিশ্লেষণে বলা হয়, সীমিত কিছু সাফল্য কৌশলগত বড় অর্জনে রূপ নিচ্ছে না; বরং দীর্ঘমেয়াদে এটি ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি
সিএনএন নির্বোধ: ডোনাল্ড ট্রাম্প
ইরানি হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্যের ১৬টি মার্কিন ঘাঁটি
ইরান যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমতি লাগবে না: ট্রাম্প