ঈদুল আজহায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:৩৫ পিএম

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে ১০ জোড়া বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রুট ও সময়সূচী

যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই ট্রেনগুলো চলাচল করবে। চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২’ এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল-৩ ও ৪’ চলাচল করবে। এছাড়া উত্তরবঙ্গের যাত্রীদের জন্য জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০’। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে ইচ্ছুক মুসল্লিদের জন্য ভৈরববাজার ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭ ও ৮’ চালানোর ব্যবস্থা করা হয়েছে।

চলাচলের সময়কাল

সময়সূচী অনুযায়ী, চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত এগুলো পুনরায় চলাচল করবে। পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে টানা তিন দিন চলবে। তবে শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং ভোগান্তি কমাতে এই বিশেষ ট্রেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রেনের সময়সূচী যথাযথভাবে অনুসরণ করে যাত্রীদের স্টেশনে আসার অনুরোধ জানানো হয়েছে।

SN
আরও পড়ুন