হিজবুল্লাহর 'ফাইবার অপটিক' ড্রোনে দিশেহারা ইসরায়েল

আপডেট : ১১ মে ২০২৬, ১১:২৮ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া অত্যাধুনিক 'ফার্স্ট পারসন ভিউ' (FPV) ড্রোন মোকাবিলা করতে গিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। ইসরায়েলি সংবাদমাধ্যম 'দ্য জেরুজালেম পোস্ট'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর এই নতুন প্রযুক্তির ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাদের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহ তাদের ড্রোনগুলোতে বিশেষ ধরনের 'ফাইবার অপটিক সুতা' বা থ্রেড ব্যবহার করছে। এই প্রযুক্তির মাধ্যমে ড্রোনগুলো সরাসরি নিয়ন্ত্রকের সাথে সংযুক্ত থাকে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জ্যামিং ডিভাইস বা সিগন্যাল বিঘ্নিত করার প্রযুক্তিকে পুরোপুরি অকার্যকর করে দেয়। তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এই ড্রোনগুলোর সিগন্যাল হ্যাক করা বা জ্যাম করা সম্ভব হচ্ছে না।

গত রোববার হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে তাদের একটি এফপিভি ড্রোন উত্তর সীমান্তে ইসরায়েলের গর্ব 'আয়রন ডোম' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারিতে সরাসরি আঘাত হানছে। এই ঘটনা ইসরায়েলি সামরিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

জেরুজালেম পোস্ট আরও জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননে পরিদর্শনের সময় ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তারা এই ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করার জন্য বেশ কিছু নতুন 'পাইলট প্রোগ্রাম' বা পরীক্ষামূলক প্রকল্পের কথা জানিয়েছেন। তবে তারা স্বীকার করেছেন যে, হিজবুল্লাহর দ্রুত পরিবর্তনশীল এই রণকৌশলের সাথে তাল মেলাতে ইসরায়েলি সেনাবাহিনী এখনো অনেক পিছিয়ে রয়েছে। যুদ্ধের ময়দানে রিয়েল টাইমে এই ড্রোন প্রযুক্তি মোকাবিলা করা তাদের জন্য বর্তমানে সবচেয়ে বড় সামরিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

SN
আরও পড়ুন