ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার যৌথভাবে এ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত সোমবার দ্য নিউইয়র্ক টাইমস-এ সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের লেখা ‘দ্য সাইলেন্স দ্যাট মিটস রেপ অব প্যালেস্টিনিয়ানস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে ইসরায়েলের ‘এসডি তেইমান’ আটক কেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনী, বসতি স্থাপনকারী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের জিজ্ঞাসাবাদকারী এবং কারারক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ওপর পদ্ধতিগত যৌন সহিংসতা চালানো হয়েছে।
পশ্চিম তীরে বসবাসকারী ১৪ জন নারী-পুরুষের সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে ‘ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আধুনিক গণমাধ্যমে প্রকাশিত সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যাগুলোর একটি’ বলে দাবি করেছে।
মন্ত্রণালয়ের বক্তব্য, হামাসের ৭ অক্টোবরের হামলায় সংঘটিত যৌন সহিংসতা নিয়ে ইসরায়েলের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের আগমুহূর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসরায়েলি সেনাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে মামলার হুমকির মুখেও দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যথাযথ তথ্য-প্রমাণ যাচাই ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এর আগে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ইসরায়েলি হেফাজতে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ উঠে এসেছে।
গত মাসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে দাবি করা হয়, গাজা থেকে আটক ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি কারাগারে যৌন নির্যাতন, শারীরিক নিপীড়ন ও অমানবিক আচরণ চালানো হয়েছে।
প্রতিবেদনে প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক কুকুর ব্যবহার এবং বিভিন্ন বস্তুর মাধ্যমে নির্যাতনের অভিযোগও আনা হয়।
৪২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী বন্দির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তাকে ‘এসডি তেইমান’ আটক কেন্দ্রে নগ্ন অবস্থায় ধাতব টেবিলে বেঁধে নির্যাতন করা হয়। তিনি এ ঘটনাকে ‘আরেকটি গণহত্যা’ বলে বর্ণনা করেন।
এ ছাড়া আমির নামে ৩৫ বছর বয়সী এক সাবেক বন্দী অভিযোগ করেন, প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে তাকে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার করা হয়েছে।
ইউরো-মেডের গবেষক খালেদ আহমেদ বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং বন্দিদের মানসিক ও শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে চালানো হচ্ছে।
জাতিসংঘের একটি তদন্ত কমিটিও এর আগে অভিযোগ করেছিল, ফিলিস্তিনিদের দমন ও ভয়ভীতি প্রদর্শনে যৌন সহিংসতাকে ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই।
ভারতে ঝড়-বজ্রপাতে মৃত ১০০
কোরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষেধ
ভারতে সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’
বেইজিংয়ে ট্রাম্প, চীন সফরে যাচ্ছেন পুতিন