কাতায়েব হিজবুল্লাহ কমান্ডার নিউ ইয়র্কে গ্রেপ্তার

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:৫৯ এএম

যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ১৮টি ভয়াবহ হামলার পরিকল্পনা ও সমন্বয়ের অভিযোগে ইরান সমর্থিত এক ইরাকি কমান্ডারকে গ্রেপ্তার করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২)।

তিনি ইরাকের সশস্ত্র গোষ্ঠী 'কাতায়েব হিজবুল্লাহ'-এর একজন সিনিয়র কমান্ডার হিসেবে পরিচিত, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

শুক্রবার (১৫ মে) ম্যানহাটনের ফেডারেল আদালতে আল-সাদির বিরুদ্ধে ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীকে বৈষয়িক সহায়তা প্রদান, জনসমাগমে বোমা হামলার ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ দেওয়া।

এফবিআই (FBI) পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জানান, আল-সাদিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। তাকে একটি ‘হাই-ভ্যালু টার্গেট’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিশ্বব্যাপী বড় ধরনের সন্ত্রাসবাদের পরিকল্পনার জন্য তিনি দায়ী।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, আল-সাদি এবং তার সহযোগীরা ইউরোপে ১৮টি এবং কানাডায় দুটি হামলার পরিকল্পনা ও সমন্বয় করেছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে এই হামলাগুলোর ছক কষা হয়েছিল।

আল-সাদির আইনজীবী অ্যান্ড্রু ডাল্যাক জানান, তার মক্কেলকে প্রথমে তুরস্ক থেকে আটক করা হয় এবং পরে মার্কিন হেফাজতে স্থানান্তর করা হয়। বর্তমানে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

NB/SN
আরও পড়ুন