ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত যৌন নির্যাতনের তথ্য সম্বলিত একটি নিবন্ধ প্রকাশের জেরে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি মামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি (স্পেশাল র্যাপোর্টিয়ার) ফ্রান্সেসকা অ্যালবানিজ।
নিউ ইয়র্ক টাইমসে ফিলিস্তিনিদের ওপর চলা যৌন নির্যাতনের লোমহর্ষক বিবরণ সম্বলিত প্রতিবেদনটি প্রকাশের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘কুৎসিত এবং বিকৃত মিথ্যা’ বলে আখ্যায়িত করেছে। একই সঙ্গে তারা পত্রিকাটির বিরুদ্ধে একটি মানহানি মামলা করার আনুষ্ঠানিক ঘোষণাও দেয়।
ইসরায়েলের এই প্রতিক্রিয়ার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে ফ্রান্সেসকা অ্যালবানিজ লেখেন, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি যথেষ্ট নির্ভুল, কিন্তু এটি আসল সত্যের কেবল উপরিভাগ স্পর্শ করেছে মাত্র (barely scratching the surface)।
তিনি মন্তব্য করেন, এই প্রতিবেদনটি ইসরায়েল সরকারের মধ্যে ‘হিস্টিরিয়া’ বা উন্মাদনা তৈরি করেছে। তবে এই উন্মাদনা প্রতিবেদনের তথ্যের কারণে নয়, বরং এর পাঠক কারা সেটি ভেবে। অ্যালবানিজ বলেন, বর্ণবাদী (Apartheid) ইসরায়েল আসলে ভয় পাচ্ছে যে, নিউ ইয়র্ক টাইমসের পাঠকরা অবশেষে আসল সত্যটা দেখে ফেলবেন এবং তারা আর এটি উপেক্ষা করতে পারবেন না।
এক্সে ২২টি পোস্টের একটি দীর্ঘ থ্রেডে অ্যালবানিজ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও তদন্তের সূত্র উল্লেখ করেন, যেখানে ইসরায়েলের অবৈধ আটকের শিকার ফিলিস্তিনিদের ওপর সুনির্দিষ্টভাবে যৌন সহিংসতা চালানোর প্রমাণ রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান প্রতিবেদনগুলোতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া নির্যাতনের চিত্র উঠে এসেছে, কিন্তু বাস্তবতা আরও অনেক পুরোনো। জাতিসংঘের এই বিশেষজ্ঞের মতে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার লগ্ন থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতা ব্যবহারের বিষয়টি নথিবদ্ধ রয়েছে, যদিও নিউ ইয়র্ক টাইমস এ পর্যন্ত তা নিয়ে কোনো কথা বলেনি।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা মূলধারার গণমাধ্যমে ইসরায়েলি নির্যাতনের এই চিত্র প্রকাশ পাওয়া এবং এর পর জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার এমন কঠোর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে নতুন করে চাপের মুখে ফেলবে।
সূত্র: আলজাজিরা
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ডেমোক্র্যাটরা
যুক্তরাজ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী, নাইজেল ফারাজের সাথে বৈঠক