বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, ৭ জুন ভোট

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:২২ পিএম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। ফলে পূর্বনির্ধারিত আগামী ৭ জুন বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানির পর এই মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে বিসিবি নির্বাচন স্থগিত করার আর্জি জানিয়ে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আদালত জানিয়ে দিয়েছেন যে তারা বিসিবি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবেন না।’

এদিকে, বিসিবির বর্তমান প্রেক্ষাপটে আরও একটি আইনি জটিলতা তৈরি হয়েছে। গত শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্য বিশিষ্ট বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আলাদা একটি রিট করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাসহ ১২ জন এই আবেদনটি দায়ের করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন দেশের ক্রিকেটের কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

তবে নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় আদালত আপাতত নির্বাচনি প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ না দেওয়ায় ক্রিকেট অঙ্গনে স্বস্তি ফিরেছে। ৭ জুন নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশের ক্রিকেট এক নতুন পথে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন