রাজধানীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দাহ্য পদার্থে ভরা ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়। একপর্যায়ে মোট ১৫টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনের তীব্রতা বিবেচনায় ধাপে ধাপে ইউনিট বাড়ানো হয় এবং শেষ পর্যন্ত সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা ছিল পানির সংকট। কালশী বস্তি ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় ফায়ার ফাইটারদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।