লড়াই থামবে না, সামনে আরও বড় আঘাত আসছে: নেতানিয়াহু

আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:৪৪ এএম

লেবাননে সামরিক অভিযান আরও "জোরালো ও গভীর" করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি জানিয়েছেন, লেবাননের মাটিতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে এবং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু এই কথা বলেন।

নেতানিয়াহু তার বিবৃতিতে দাবি করেন, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে আমেরিকার মধ্যস্থতায় লেবাননে যে "যুদ্ধবিরতি" চলছিল, সেই সময়কালেও ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর শত শত যোদ্ধাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, বর্তমানে বিশাল ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের বেশ গভীরে গিয়ে অভিযান চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকা দখল ও নিয়ন্ত্রণ করার পাশাপাশি লেবাননের অভ্যন্তরে একটি নিরাপত্তা অঞ্চল বা সিকিউরিটি জোন গড়ে তুলছে এবং সেটিকে আরও শক্তিশালী করছে।

নেতানিয়াহু বলেন, তিনি হিজবুল্লাহর ড্রোন মোকাবিলা করার জন্য একটি বিশাল জাতীয় প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর এই ড্রোনগুলো ইসরায়েলের অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে।

বিশেষ করে, হিজবুল্লাহ সম্প্রতি 'ফার্স্ট-পার্সন ভিউ' প্রযুক্তির এমন কিছু ড্রোন ব্যবহার করছে, যা ফাইবার অপটিক ক্যাবল বা তার দ্বারা পরিচালিত হয়। এই ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর জন্য অত্যন্ত প্রাণঘাতী হিসেবে প্রমাণিত হয়েছে।

সবশেষে হিজবুল্লাহর বিরুদ্ধে অনড় অবস্থানের কথা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা এক মুহূর্তের জন্যও লড়াই থামাব না এবং সামনে আরও বড় আঘাত আসছে—যতক্ষণ না ইসরায়েলের নাগরিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সূত্র: আল জাজিরা

আরও পড়ুন
সর্বশেষপঠিত