এবছর ঈদযাত্রায় দুর্ঘটনায় ‘মৃত্যুর মিছিল’ শব্দে সড়কমন্ত্রীর আপত্তি

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

এবারের ঈদুল আজহার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে ব্যবহৃত ‘মৃত্যুর মিছিল’ শব্দে আপত্তি জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী  শেখ রবিউল আলম।

বুধবার (২৭ মে) দুপুর সোয়া ১২টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দুর্ঘটনা ঘটেছে। কোনো দুর্ঘটনাই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করার চেষ্টাও সরকারের আছে।'

এর আগে বুধবার সকালে রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ইসলাম পরিবহন–এর একটি বাসের ধাক্কায় আকাশ পরিবহন–এর বাসের চার যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

ঈদযাত্রায় সড়কে ধারাবাহিক প্রাণহানিকে ‘মৃত্যুর মিছিল’ বলা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ শব্দচয়নের সঙ্গে তিনি একমত নন। তাঁর ভাষ্য, প্রতিদিন দেশের বিভিন্ন রুটে প্রায় দেড় লাখ যানবাহন চলাচল করে এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়।

শেখ রবিউল আলম বলেন, সরকারের হিসাবে দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়। এসব দুর্ঘটনার পেছনে কখনো ত্রুটিপূর্ণ যানবাহন, কখনো চালকের অসাবধানতা, আবার কখনো যাত্রীদের অসচেতনতা দায়ী থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, দক্ষ ও অভিজ্ঞ চালক নিয়োগ এবং মালিক-শ্রমিক-যাত্রী সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

AS
আরও পড়ুন