আবারও নাবাতিয়েহ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর বাসিন্দাদের আবারও জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সম্ভাব্য সামরিক হামলার আগে শহরটি খালি করার এই নতুন সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি করেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে নাবাতিয়েহ শহরের বাসিন্দাদের অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে।

ইসরায়েলি বাহিনীর নির্দেশনায় বাসিন্দাদের জাহরানি নদীর উত্তর দিকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করার তাগিদ দেওয়া হয়েছে।

এই সতর্কতা এমন এক সময়ে এলো, যখন লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন