বিশ্বকাপ শুরুর আর মাত্র এক দিন বাকি। এমন সময় প্রস্তুতি ম্যাচে দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে বিশ্বকাপের আগে সেনেগাল শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত ম্যাচে ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জ্যাকসন। নামার পরপরই ম্যাচের সেরা সুযোগটি পান তিনি। সতীর্থের নিখুঁত ক্রস থেকে একেবারে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। তার শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।
এরপর ৮২তম মিনিটে বিপজ্জনকভাবে পা উঁচু করে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় প্রথম হলুদ কার্ড দেখেন এই ফরোয়ার্ড। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও বড় বিপত্তিতে পড়েন তিনি। দুই মিনিটেরও কম সময় পর মাঝমাঠে বল হারিয়ে প্রতিপক্ষ ফরোয়ার্ড আব্দুল্লাহ আল হামদানকে পিছন থেকে ট্যাকল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়।
বিশ্বকাপের ঠিক আগে এই ঘটনা সেনেগালের জন্য বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। কারণ কঠিন একটি গ্রুপে পড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী ফ্রান্স, শক্তিশালী নরওয়ে এবং ইরাক।
গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে জ্যাকসনের ফর্ম ও শৃঙ্খলা দুই বিষয় নিয়েই এখন চিন্তায় সেনেগাল দল।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি