নড়াইলের কাশিপুর ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য পাঁচ বছর ফ্রি অ্যাম্বুলেন্স (বিনামূল্য) সার্ভিস চালু করলেন কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের ব্যবসায়ী আতিকুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি ইউনিয়নবাসী। 
 
শনিবার (১৩ জুন) দুপুরে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা হাট চত্বরে ফিতা কেটে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।
 
এসময় আতিকুল ইসলাম বলেন, এই সার্ভিসের (ফ্রি অ্যাম্বুলেন্স) পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে দ্রুত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করব। উদ্বোধন উপলক্ষে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, বোর্ড স্থাপনসহ অ্যাম্বুলেন্সযোগে প্রচারণাও করা হয়েছে। এছাড়া দু’টি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে নড়াইলের কাশিপুর ইউনিয়নের সব গ্রামের মানুষ রোগী নিয়ে ঢাকা, যশোর, খুলনা, নড়াইলসহ দেশের যে কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে পারবেন। আবার হাসপাতাল থেকে রোগী নিয়ে আসতে পারবেন বিনামূল্যে।
হিউম্যান রাইটস নড়াইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল রানা বলেন, গত শুক্রবার কাশিপুর যুবসংঘের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে কিফায়েত নামে একজন খেলোয়াড়ের পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা জানান, তাকে ঢাকায় নিতে হবে। এ সময় আমরা অ্যাম্বুলেন্সের জন্য দৌঁড়াদৌঁড়ি করি। এরপর আতিকুল ভাইয়ের বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে কিফায়েতকে ঢাকায় নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সেবা পেয়ে খুশি ইউনিয়নবাসী। 
গিলাতলা গ্রামের মতিয়ার রহমান মোল্যা, ইয়াসিন মোল্যা, পদ্মবিলা গ্রামের আব্দুল কাদের এবং কাশিপুর গ্রামের শহিদুল্লাহসহ ইউনিয়নবাসী জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে কখনো দেখেননি তারা। এতে সবার মাঝে দারুণ সাড়া পড়েছে। 
এদিকে আতিকুল ইসলামের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রশংসা করে বিভিন্ন পেশার মানুষ বলেন, অবশ্য এটি একটি প্রশংনীয় উদ্যোগে। এমন মানবিক কাজে সমাজের অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত। এতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি পর্যায়েও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হবেন ও বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাবেন। 
MCH
আরও পড়ুন