সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা।
 
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার নারী-পুরুষ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা অংশ নেন।
 
মানববন্ধনে খেলোয়াড়দের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক কোর্স খন্দকার আরিফ হাসান প্রিন্স। এছাড়া বক্তব্য রাখেন খেলোয়াড় উম্মে ফাতেমা উর্মি, সোহেলী আক্তার শামীমা, সালমা খাতুন, নদী বিশ্বাস ও মেহেদী রাজুসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিসার খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও জার্সি দিতে অনীহা প্রকাশ করেন। খেলোয়াড়দের জন্য বরাদ্দ অনুদান প্রকৃত খেলোয়াড়দের না দিয়ে অফিসের স্টাফ বা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামে বিতরণ করা হয় বলেও দাবি করেন তারা।
 
বিশেষ করে নারী খেলোয়াড়রা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিসার তাদের খেলাধুলায় উৎসাহিত করেন না। ফলে দরিদ্র পরিবার থেকে উঠে এসে বাসা ভাড়া নিয়ে অনুশীলন করেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে সাতক্ষীরার সুনাম বয়ে আনছি। অথচ আমাদেরই প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জেলা ক্রীড়া অফিসারের অপসারণ এবং একজন দক্ষ, সৎ ও খেলোয়াড়বান্ধব ক্রীড়া অফিসার নিয়োগের দাবি জানাচ্ছি।”
MCH/SN
আরও পড়ুন