গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পুলিশ দম্পতির বিরুদ্ধে 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০২ পিএম

খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহকর্মীর নাম মিলন। তিনি নরসিংদীর বাবা-মাবিহীন এতিম মেয়ে, ছোটবেলা থেকে এই বাড়িতেই কাজ করেন। ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানা যায়, সোনাডাঙ্গায় একটা বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবশ করানো হয়েছে এবং লাঠি দিয়ে তারা (ওই পুলিশ দম্পতি) আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা ও সামাজিক সংগঠনের কয়েকজন নারী নেত্রী বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে তারা বাধা দেয়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে তারা ভেতরে ঢুকে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। নির্যাতিতা গৃহকর্মীকে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর তথ্য মতে, কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এই নির্মম ঘটনা ঘটে। 

সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দুইজন সোনাডাঙ্গা থানায় পুলিশের চাকরি করেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নির্যাতিতা গৃহকর্মীকে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

AHA
আরও পড়ুন