বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে স্পিকারের আহ্বান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ এএম

বাংলাদেশের জ্বালানি সঙ্কট নিরসনে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক

 

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের পরিক্রমায় বিকশিত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রফতানি গন্তব্য হওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ।’

 

তিনি আরো বলেন, ‘৩০তম ইউএস ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তাকে তুলে ধরছে। তিন দশক ধরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের কার্যক্রম দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

 

বহুমুখী খাতে নতুন বিনিয়োগের সুযোগ

 

বাণিজ্য প্রদর্শনীটির গুরুত্ব তুলে ধরে স্পিকার উল্লেখ করেন, ‘এবারের প্রদর্শনীতে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এসব খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।’

 

জ্বালানি সঙ্কটে বঙ্গোপসাগরের সম্ভাবনা

 

জ্বালানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘বাংলাদেশের জ্বালানি সঙ্কট মোকাবেলায় উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রয়েছে।’ এ ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

৩ দিনব্যাপী ইউএস ট্রেড শো-২০২৬

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং স্বাগত বক্তব্য দেন অ্যামচেম সভাপতি সৈয়দ কামাল হোসেন। 

 

বক্তব্য শেষে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে এবারের ট্রেড শো। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদল, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত