ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি

সুইজারল্যান্ড সফর স্থগিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর 

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:১৯ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে নির্ধারিত সুইজারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। 

বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, ইসলামাবাদে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে। 

বর্তমানে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রস্তাবিত সুইজারল্যান্ড সফর আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী বিভিন্ন কৌশলগত ধাপে পাকিস্তান তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, সমঝোতা স্মারকটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। 

এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ-অবরোধ প্রত্যাহার করবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ে আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য নেতারা করতালির মাধ্যমে ঘটনাটিকে স্বাগত জানান।

প্রাসাদ ত্যাগের সময় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপের সময় ট্রাম্প বলেন, ‘এইমাত্র চুক্তিতে স্বাক্ষর করলাম।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে দলিলটি চূড়ান্ত হয়েছে।’

সূত্র: এএফপি, ডন

HN
আরও পড়ুন