আগামী ১০ দিনের মধ্যে বন্যার শঙ্কা

আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে আগামী ১০ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা ও ফ্ল্যাশ ফ্লাডের শঙ্কা তৈরি হয়েছে।

রোববার (২১ জুন) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পানি সমতলবিষয়ক সাপ্তাহিক ধারণাগত পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী সাত দিনে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা বা সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া সংস্থার তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, ২১ থেকে ২৮ জুনের মধ্যে দেশের তিনটি বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং আগামী ১০ দিনে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্থানভেদে ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী সাত দিনে আরও দ্রুত বাড়তে পারে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি বাড়লেও সোমেশ্বরী, জিঞ্জিরাম ও ভুগাই নদীর পানি কিছুটা কমেছে, তবে আগামী দিনগুলোতে এসব নদীর পানিও দ্রুত বাড়ার আভাস রয়েছে।

একই সাথে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহরী, সেলোনিয়া ও গোমতী নদীসমূহের পানি সমতল বর্তমানে হ্রাস বা স্থিতিশীল অবস্থায় থাকলেও আগামী ৭ দিনে সময়বিশেষে তা সামগ্রিকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, গত দুই দিনে ময়মনসিংহ, সিলেট ও ভারতের মেঘালয়সহ উজান এলাকায় ভারী বৃষ্টি হয়েছে, যেখানে কিছু স্থানে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১০ দিনে তিনটি বিভাগে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের যে আশঙ্কা রয়েছে, তা আগামী কয়েক দিনের বৃষ্টির মাত্রার ওপর নির্ভর করবে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Attr/AHA
আরও পড়ুন