মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডে রোববার (২১ জুন) নতুন দফায় আলোচনায় বসেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সরাসরি উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে কূটনৈতিক মহলের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠকের শুরুতে গণমাধ্যমের সামনে উপস্থিত হন।
এ সময় তার এক পাশে ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-সানি এবং অন্য পাশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এই সংলাপে জেডি ভ্যান্সের সরাসরি অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চুক্তি-সংক্রান্ত আলোচনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রাইজা।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ম্যাথিউ ব্রাইজা বলেন, ‘অতীতের যেকোনো আলোচনার তুলনায় এবারের আয়োজন একেবারেই ভিন্ন।’
তিনি বলেন, ‘জটিল কোনো আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে সাধারণত বিশেষজ্ঞদের একটি শক্তিশালী দল অংশ নেয়। বিশেষ করে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়ে গভীর কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা অপরিহার্য।’
ব্রাইজার মতে, ‘বর্তমান মার্কিন প্রতিনিধিদলে সেই পর্যায়ের বিশেষজ্ঞদের উপস্থিতি চোখে পড়ছে না, অথচ ইরান দক্ষ ও অভিজ্ঞ পরমাণু বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় অংশ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আলোচনার প্রাথমিক পর্যায়ে বিষয়টি তেমন প্রভাব না ফেললেও পরবর্তী ধাপে যখন পরমাণু কর্মসূচি-সংক্রান্ত নথি ও কারিগরি বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে, তখন এই ঘাটতি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।’
সাবেক এই কূটনীতিকের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাব রয়েছে।’
ম্যাথিউ ব্রাইজা বলেন, ‘অতীতে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোতে ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা সাধারণত চূড়ান্ত পর্যায়ে যুক্ত হতেন, যখন চুক্তির মূল কাঠামো প্রায় সম্পন্ন হয়ে যেত। আলোচনার মাঝপথে তাদের সম্পৃক্ত করা হতো না, কারণ আলোচনা ব্যর্থ হলে তার রাজনৈতিক দায়ও বহন করতে হতে পারে।’
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘ইরান যেখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে আলোচনার টেবিলে বসেছে, সেখানে আমেরিকার বর্তমান প্রতিনিধিদলের কাঠামো ও প্রস্তুতি পুরো আলোচনার সফলতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।’
সূত্র: আল জাজিরা
মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে হাত মেলাননি গালিবাফ-আরাঘচি
পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি
লেবাননে প্রক্সি বাহিনী ইস্যুতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি