দুই বছরেও শেষ হয়নি খোঁড়াখুঁড়ি, গাজীপুরের মীরেরবাজার সড়কে চরম দুর্ভোগ

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার কুদাব থেকে মীরের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘ দুই বছরেও ড্রেন নির্মাণকাজ শেষ না হওয়ায় সড়কটি এখন দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণকাজ শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি। কয়েকদিন কাজ চলার পর বারবার বন্ধ হয়ে যাওয়ায় সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেন নির্মাণের জন্য রাস্তার একপাশ খুঁড়ে রাখার কারণে বিটুমিনসহ খোয়া উঠে গেছে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
 
এলাকাবাসীর দাবি, ড্রেন নির্মাণের আগে সড়ক নির্মাণ করায় কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটির স্থায়িত্ব নষ্ট হয়েছে। তাদের মতে, পরিকল্পনার ঘাটতি এবং কাজের ধীরগতির কারণেই আজ এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা লিটন মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। অনেক সময় জুতা-স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হয়। কাদা-পানিতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করে সড়কটি সংস্কারের মাধ্যমে এলাকাবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে আমি অবগত। মানুষের ভোগান্তির বিষয়টিও জানি। বৃষ্টির কারণে সমস্যাটি আরও বেড়েছে। দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।’
দীর্ঘ দুই বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
MCH/SN
আরও পড়ুন