এক ম্যাচ আগেও আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। অন্যদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। ম্যাচ শেষে তাই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, ‘আমি ফিরে এসেছি।’
কিন্তু রোনালদোর এই ঘোষণার সঙ্গে একমত নন সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচ। তার প্রশ্ন, রোনালদো আসলে কোথা থেকে ফিরলেন?
ইব্রার মতে, ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখনও রোনালদো। তিনি কখনও আলোচনার বাইরে যাননি, হারিয়ে যাননি পাদপ্রদীপের আলো থেকেও। তাই ‘আমি ফিরে এসেছি’ মন্তব্যটি তার কাছে কিছুটা বিস্ময়করই লেগেছে।
প্রতিক্রিয়ায় ইব্রাহিমোভিচ বলেন, ‘কথাটা শুনে আমি একটু বিভ্রান্তই হয়েছিলাম। 'আমি ফিরে এসেছি', ঠিক কোথা থেকে ফিরে এলে? যতদূর জানি, ক্রিস্টিয়ানো তো একদিনের জন্যও আলোচনার বাইরে ছিল না। দুই গোল করে যদি কেউ বলে 'আমি ফিরে এসেছি', তাহলে শুনতে এমন লাগে যেন সে দশ বছর কোথাও হারিয়ে ছিল, তারপর হঠাৎ অন্য কোনো গ্রহ থেকে ফিরে এসেছে!’
তিনি আরও বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই খেলছে, গোল করছে, রেকর্ড ভাঙছে এবং শিরোনাম দখল করছে। ফুটবল বিশ্ব প্রতি সপ্তাহেই তাকে নিয়ে কথা বলে। ডিফেন্ডাররা এখনও তাকে নিয়ে উদ্বিগ্ন থাকে, আর তাকে দেখার জন্য এখনও স্টেডিয়াম ভরে যায়। এটা তো এমন নয় যে সে কোথাও হারিয়ে গিয়েছিল।’
তবে জ্লাতান মনে করেন, রোনালদো হয়তো ভিন্ন অর্থে কথাটি বলেছেন। সমালোচনার জবাবে নিজের সেরা রূপে ফেরার ইঙ্গিতই হয়তো দিতে চেয়েছেন তিনি।
সেই প্রসঙ্গ টেনে ইব্রাহিমোভিচের মন্তব্য, ‘যদি সে বলতে চায় যে সমালোচকদের জবাব দিতে আবার নিজের সেরাটা দেখিয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যদি ঘোষণা দেয় 'আমি ফিরে এসেছি', সেটা অনেকটা সূর্যের এই ঘোষণা দেওয়ার মতো যে আগামীকাল সে আবার উদয় হবে।’
শেষে রোনালদোর প্রাসঙ্গিকতাকেই সবচেয়ে বড় বাস্তবতা হিসেবে তুলে ধরেন সুইডিশ তারকা।
তার ভাষায়, ‘অধিকাংশ ফুটবলার পুরো ক্যারিয়ার কাটিয়ে দেয় তার মতো প্রাসঙ্গিকতা অর্জনের চেষ্টা করতে। এমনকি তার অপেক্ষাকৃত নীরব সময়েও মানুষ তাকে নিয়ে যতটা আলোচনা করে, অনেক ফুটবলারকে নিয়ে পুরো ক্যারিয়ারেও ততটা আলোচনা হয় না। তাই যখন শুনলাম সে বলছে ‘‘আমি ফিরে এসেছি’’, তখন আমার মনে হয়েছে, ক্রিস্টিয়ানো, বন্ধু আমার, তুমি তো কখনও কোথাও যাওনি। বরং বাকিরাই এখনও তোমাকে ধরার চেষ্টা করে যাচ্ছে।’
‘আই অ্যাম ব্যাক’
বিশ্বকাপে গোল করেই নতুন বিশ্বরেকর্ড রোনালদোর
রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগিজদের গোল উৎসব