গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করে তাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বদলি প্রত্যাহারের দাবিতে উপজেলা চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে উপস্থিত বক্তারা ডা. মো. হাবিবুর রহমানকে কাপাসিয়ার মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, তিনি শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, বরং দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক ও আন্তরিক চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বক্তারা আরও উল্লেখ করেন যে, তার দক্ষ নেতৃত্ব, সেবামূলক মনোভাব ও আন্তরিক প্রচেষ্টার ফলে কাপাসিয়া উপজেলার স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এমন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ কর্মকর্তার আকস্মিক বদলির খবরে পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমিন সিকদার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন এবং আসিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা অত্যন্ত জরুরি বলে দাবি করেন। তারা অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় কাপাসিয়ায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় আন্দোলনকারীরা ‘জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক’, ‘মানবিক চিকিৎসকের বদলি মানি না’ এবং ‘কাপাসিয়ার স্বাস্থ্যসেবার স্বার্থে ডা. হাবিবুর রহমানকে রাখতে হবে’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডা. মো. হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখার ব্যবস্থা করবে।
কালীগঞ্জে গুণগত শিক্ষার মানোন্নয়নে বিশেষ কর্মশালা
ছুটি না পেয়ে কারখানায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ, সড়ক অবরোধ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন বাবর-আরিফ-গউছ