ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন উচ্চতায় নাম লেখালেন। গ্যারি লিনেকারের ১০ গোলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন তার দখলে।
নিউ জার্সিতে পানামার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে কেইনের এই মাইলফলক স্পর্শ করার রাতটি ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে রইলো।
আগের ম্যাচে ঘানার রক্ষণভাগের বিপক্ষে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল থমাস টুখেলের শিষ্যরা। পানামার বিপক্ষেও প্রথমার্ধে থ্রি লায়ন্সদের খেলার ধরন ছিল অনেকটা ধীরগতির।
বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে পানামার জমাট রক্ষণভাগ ভাঙতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাদের। এমনকি বিরতির আগে গ্রুপ টেবিলের শীর্ষে ছিল ক্রোয়েশিয়া।
তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে দেন জুড বেলিংহাম ও হ্যারি কেইন। ম্যাচের ৬২ মিনিটে বুকায়ো সাকার নিচু করে নেওয়া কর্নার থেকে দারুণ এক ভলিতে গোল করে দলের খরা কাটান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বেলিংহাম।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৬৭ মিনিটে বেলিংহামের বাড়ানো নিখুঁত ক্রসে দারুণ এক ফিনিশিংয়ে নিজের রেকর্ড গড়া গোলটি করেন ইংলিশ অধিনায়ক।
এই গোলের মাধ্যমেই বিশ্বকাপে ১১ গোল নিয়ে গ্যারি লিনেকারকে (১০ গোল) ছাড়িয়ে গেলেন কেইন।
১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে লিনেকারের সেই অবিস্মরণীয় কীর্তিকে পেছনে ফেলে এখন ইংল্যান্ডের সর্বকালের সেরা বিশ্বকাপ স্কোরার এখন হ্যারি কেইন।
এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করলো ইংল্যান্ড। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে সেনেগাল অথবা ডিআর কঙ্গো।
সেই বাধা পেরিয়ে শেষ ষোলোতে পা রাখতে পারলে সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো কিংবা ইকুয়েডর।
অন্যদিকে, গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ হবে কলম্বিয়া কিংবা পর্তুগাল। এছাড়া ঘানা তাদের নকআউটের লড়াইয়ে মুখোমুখি হবে ওই গ্রুপের চ্যাম্পিয়ন দলের।
থমাস টুখেলের ইংল্যান্ড যেভাবে ছন্দে ফিরেছে, তাতে করে শিরোপার পথে তাদের যাত্রা এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
নকআউটে ক্রোয়েশিয়া, ঝুলে গেলো ঘানার ভাগ্য
যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
সালাহ'র চোটে শঙ্কায় মিশর শিবির
যে সমীকরণে মিলবে ইরানের নকআউট টিকিট
বিশ্বকাপে নতুন নিয়মে এমবাপ্পের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত