কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফিরে যাচ্ছেন মুন্সীগঞ্জে

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:২০ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে তার শারীরিক অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (২৯ জুন) কারাগার ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ডা. দীপু মনি অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে ভুগছেন। যার কারণে তাকে প্রায়ই নিয়মিত চেকআপ ও চিকিৎসা নিতে হয়। রোববার রাতে তিনি কিছুটা অসুস্থ বোধ করায় নিরাপত্তার সাথে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে তার রোগগুলোর জটিলতার কারণে চিকিৎসকরা মনে করেছেন জরুরি ভিত্তিতে আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। ঢামেকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থা স্থিতিশীল থাকায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

SN
আরও পড়ুন