প্রস্তাবিত বাজেট ‘জীবন বান্ধব’: প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক ও জ্ঞান প্রয়োগ করে একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত ৫ আগস্টের পরবর্তী সংকটময় পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, ওই ঘটনার পর দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই পরিস্থিতি থেকে পর্যায়ক্রমে দেশকে একটি সুন্দর ও গণতান্ত্রিক অবস্থায় নিয়ে আসতে বর্তমান সরকার সক্ষম হয়েছে। বর্তমানে সংসদে সব সদস্য একটি সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছেন।

বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যা দেশের জনগণ বিশেষ করে নারীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এই শুল্ক প্রত্যাহারের ফলে অতীতের মতো বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি।

জাতীয় সংসদে আলোচনা-সমালোচনার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বিরোধী উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা, ঐকমত্য ও দ্বিমত হয়েছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে জাতির সামনে একটি আশার আলো তুলে ধরতে সরকার সক্ষম হয়েছে। এই অর্জনের সবচেয়ে বড় কৃতিত্ব দেশের ২০ কোটি সাধারণ নাগরিকের, যাদের সহযোগিতায় দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যত ভালো বাজেটই উপস্থাপন করা হোক না কেন, সব সমস্যার তাৎক্ষণিক সমাধান রাতারাতি সম্ভব নয় কারণ বাস্তবতা অনেক কঠিন। তবে রাজনৈতিক দল ও সরকার হিসেবে জনগণের প্রতি দায়িত্বের অংশ হিসেবে এই বাজেটের মাধ্যমে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়া সম্ভব হয়েছে।

AM/SN
আরও পড়ুন