মোবাইল ফোনে প্রেম, লঞ্চে ধর্ষণ করে পালিয়েছে প্রতারক যুবক

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে ফেরার কথা বলে ওই নারীকে লঞ্চের কেবিনে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর কৌশলে অচেতন করে নারীকে থানার সামনে ফেলে পালিয়ে গেছে যুবক।

বরিশালের মুলাদী থানার সামনে থেকে বুধবার (১ জুলাই) সকালে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে মুলাদী থানার সামনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করার পর ওই নারীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার গল্প।

ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর এলাকায়। তিনি জানান, গত প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শান্ত নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। শান্ত নিজেকে মাদারীপুরের বাসিন্দা এবং একজন ইতালি প্রবাসী বলে দাবি করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার (৩০ জুন) শান্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় ডেকে আনে। পরে ঢাকা থেকে তারা মাদারীপুর যাওয়ার কথা বলে কৌশলে বরিশালের মুলাদীগামী একটি লঞ্চের কেবিন ভাড়া নেয়। পরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে শান্ত। বুধবার সকালে লঞ্চটি মুলাদী পূর্ববাজার ঘাটে পৌঁছলে শান্ত ওই নারীকে কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। এতে নারী অচেতন হয়ে পরলে তাকে একটি ভ্যানে তুলে দিয়ে চালককে মুলাদী থানার সামনে পাঠিয়ে দেয়। পরে নারীর মোবাইল, টাকা ও মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।

থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারী প্রতারণার শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, মোবাইলে প্রতারণার শিকার নারী দুই সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার সঙ্গে জড়িত প্রতারক যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

AHA
আরও পড়ুন